
বছরের শেষ প্রান্তে আসে ক্রিকেট সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো নিজেদের বর্ষসেরা একাদশ সাজায়। তবে অস্ট্রেলিয়া ভিত্তিক ফক্স স্পোর্টসে চলতি দশকের সেরা একাদশ সাজানো হয়েছে। এতে বাংলাদেশ থেকে একমাত্র জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম।
একাদশে কুমার সাঙ্গাকারা, এবি ডিভিলিয়ার্সের নাম থাকলেও উইকেট-রক্ষক হিসেবে এই টাইগার তারকাকে বেছে নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার তিনজন রয়েছেন সেরা একাদশে। দুই জন করে আছেন অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের। বাংলাদেশ ও শ্রীলঙ্কা করে প্রবেশ করেছেন দুজন।
চলতি দশকে ৪০.৮৬ গড়ে ২ হাজার ৮৬০ রান করেছেন মুশফিক। দুটি ডাবল সেঞ্চুরিসহ ৬টি সেঞ্চুরি রয়েছে তার নামের সঙ্গে।
একাদশে মুশফিককে যে কারণে রাখা হয়েছে তা তুলে ধরেন ফক্সের ক্রিকেট সাংবাদিক জেকব কুরিপ।
তিনি বলেন, ‘একাদশে সম্ভবত সবচেয়ে বিতর্কিত নাম এটি। মুশফিকের নাম অন্যসব উইকেট-রক্ষক ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করে আসেনি। তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। চলতি দশকে অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশের উন্নতী ছিল চোখে পড়ার মতো। ঘরের মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিদেশের মাটিতেও চেষ্টা করছে ভালো করার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে হারিয়েছে। এমন সাফল্যের পেছনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকের নামটিও রয়েছে। অ্যালিস্টার কুক ও ডেভিড ওয়ার্নারের জায়গায় তামিমকে নেয়া যাচ্ছে না। অন্যদিকে একাদশ নির্বাচনের সময়ে আইসিসির দেয়া শাস্তিতে নিষিদ্ধ রয়েছেন সাকিব। আবেগের থেকেও অনেক বড় কিছুও রয়েছে। চলতি দশকে উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স (১ হাজার ৯৭০ রান ৫৯.৬৯ গড়), দিনেশ চান্দিমাল (১ হাজার ৬০৩ রান, ৪১. ০৭ গড়) ও বিজে ওয়াল্টিংয়ের (৩ হাজার ১৯৬ রান ৪২.৬০ গড়) গড় মুশফিকের তুলনায় বেশি। যদিও ডি ভিলিয়ার্স ও চান্দিমাল উইকেটের পেছনে দাঁড়ানো অনেক আগেই ছেড়ে দিয়েছেন।’
জেকব কুরিপ বলেন, ‘তর্ক-বিতর্ক থাকবেই। একাদশটি তৈরির পেছনে বেশ কয়েকটি নির্ণায়ক রয়েছে। তারা সবাই দশকজুড়ে ভালো ক্রিকেট উপহার দিয়েছে। বিনোদন, আবেগ, পরিসংখ্যান, পরিসংখ্যান এবং পরিসংখ্যান দিয়ে সাজানো হয়েছে দলটি।’
ফক্সের ক্রিকেট সাংবাদিক জেকব কুরিপের চলতি দশকের সেরা টেস্ট একাদশ
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মুশফিকুর রহিম (বাংলাদেশ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) দ্বাদশ খেলোয়াড়।
ওয়াই




