
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। এই ম্যাচের পর প্রথম দল হিসেবে ভারত চলে গেছে ফাইনালে। তবে ম্যাচে বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৫১ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন ছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ৪১ রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে।
ভারতের ভারতের পয়েন্ট এখন ৪। তাদের নেট রান রেটটাও বেশ স্বাস্থ্যকর, ১.৩৫৭। দুইয়ে থাকা পাকিস্তানের পকেটে ২ পয়েন্ট, তাদের নেট রান রেট ০.২২৬। তিনে থাকা বাংলাদেশের পয়েন্ট ২, তবে নেট রান রেট সবচেয়ে খারাপ তাদেরই, –০.৯৬৯। চারে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের খাতা শূন্য, তাদের নেট রান রেটও বাংলাদেশের চেয়ে ভালো, -০.৫৯০।
টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত প্রথমে তাত্ত্বিকভাবে সঠিক মনে হলেও, বাস্তবে তা উল্টো চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা খেলেন মাত্র ৩৭ বলে ৭৫ রানের ইনিংস, যেখানে ছিল ৬ চার ও ৫ ছক্কা। পাশে ছিলেন শুভমান গিল (২৯) আর হার্দিক পান্ডিয়া (৩৮)। যদিও বাংলাদেশের বোলাররা মাঝপথে কিছুটা ফিরে আসতে সক্ষম হয়, তবু ভারত দাঁড়ায় ২০ ওভারে ১৬৮ রানে।
বাংলাদেশের বোলিং আক্রমণে রিশাদ হোসেন সবচেয়ে সফল (৩-০-২৭-২)। মোস্তাফিজ, তানজিম শাকিব ও সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট। তবে বড় রান আটকানোর মতো ধারাবাহিকতা ছিল না কারো।
জবাবে রান তাড়া করতে নেমে তানজিদ (১) ফিরলেন বুমরাহর ভেতরে ঢোকা বলে। কিছুটা লড়াই করেন পারভেজ ইমন (২১), কিন্তু একপ্রান্তে ভরসা হয়ে দাঁড়ান সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৯ রান, ৩ চার আর ৫ ছক্কায় সাজানো। কিন্তু প্রয়োজনীয় সঙ্গ পেলেন না তিনি। একে একে ফিরে যান হৃদয় (৭), শামীম (০), জাকের আলী (৪) আর সাইফউদ্দিন (৪)। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ, রান থামে ১২৭-এ।
ভারতের হয়ে কুলদীপ যাদব নিলেন ৩ উইকেট মাত্র ১৮ রানে। ভরসা দিয়েছেন বুমরাহ (২/১৮) আর বরুণ চক্রবর্তী (২/২৯)। শেষ ওভারে উইকেট নিয়েছেন তরুণ তিলক ভর্মাও।
শেষ পর্যন্ত এই ম্যাচে ভারতের স্পিন-ঘূর্ণির বাঁধনে নড়বড়ে ব্যাটিং লাইনআপ টিকতে পারেনি বাংলাদেশ। সাইফের লড়াকু ইনিংস ম্যাচ জমাতে যথেষ্ট হয়নি। এই জয়ে ফাইনালের পথে ভারতের অবস্থান আরও মজবুত হলো, অন্যদিকে বাংলাদেশের জন্য সমীকরণটা দাঁড়াল প্রায় অসম্ভবের কাছে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, গিল ২৯, অক্ষর ১০; রিশাদ ২/২৭, তানজিম ১/২৯, মোস্তাফিজ ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭)। বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ ৬৯, পারভেজ ২১; কুলদীপ ৩/১৮, বুমরা ২/১৮)।
ফল: ভারত ৪১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক শর্মা।
আরটিভি/কেএইচ




