
ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা ও ইমাম-উল-হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই সমালোচনাকে ভয় পাচ্ছেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে নাকভি বলেন, ‘আমি কখনো সমালোচনাকে ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না।’ সেই সঙ্গে সমালোচকদের কড়া বার্তা দিয়েছেন তিনি।
নাকভি জানান, পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ থেকে নয়, বরং তার সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণেই তারা সমালোচনা করছেন। এমনকি ওয়াসিম আকরামের মতো কোনো কিংবদন্তি এই সিদ্ধান্তের সমালোচনা করলে সেটিকে গুরুত্ব দিতেন বলেও জানান তিনি।
বোর্ডের ব্যাপক ছাঁটাইয়ের সমালোচকদের মধ্যে রয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক রমিজ রাজা, সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ এবং পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার। তবে তাদের সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসেননি নাকভি।
তিনি বলেন, আমি আসার পর পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে- যারা এমন কথা বলে, তারা আগে দেখুক তখন র্যাঙ্কিংয়ে পাকিস্তান কোথায় ছিল।
নাকভির দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে একদিনের ক্রিকেটে পঞ্চম ও টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তবে টেস্টে দলটির অবস্থান নেমে গেছে অষ্টমে।
আরটিভি/এসআর


