
ইংল্যান্ড সফরে গিয়ে অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শরণার্থী ভেবে দলটির অবস্থান করা হোটেলের সামনে জড়ো হয়েছিলেন অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা। পরে ভুল বুঝতে পেরে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে সরে যান তারা।
মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ডের পোর্টসমাউথে ঘটে এ ঘটনা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল অবস্থান করছিল শহরের একটি ম্যারিয়ট হোটেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেলটির সামনে একটি কোচ ও কয়েকজন এশীয় তরুণের ছবি ছড়িয়ে পড়ার পর সেখানে শরণার্থীদের রাখা হয়েছে এমন দাবি ছড়িয়ে পড়ে।
এরপর মুখ ঢাকা অবস্থায় প্রায় ৩০ থেকে ৫০ জন বিক্ষোভকারী হোটেলের সামনে জড়ো হন বলে জানিয়েছে ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম।
পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান হ্যাম্পশায়ার কাউন্টি কাউন্সিলের রিফর্ম ইউকে কাউন্সিলর জর্জ ম্যাডগউইক। হোটেল কর্তৃপক্ষ ও পাকিস্তান দলের কোচের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন, সেখানে থাকা ব্যক্তিরা শরণার্থী নন তারা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সদস্য।
বিষয়টি বাইরে অপেক্ষমাণ বিক্ষোভকারীদের জানিয়ে ম্যাডগউইক বলেন, ‘আপনারা ভুল বুঝেছেন, এটা ক্রিকেট দল।’ এরপর ভুলের বিষয়টি বুঝতে পেরে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে চলে যান বিক্ষোভকারীরা।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাডগউইকও হোটেলটিতে শরণার্থী থাকার খবরকে ভুল বলে নিশ্চিত করেন।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের ভুল ধারণা পরিষ্কার করেন। এ ঘটনায় কোনো অপরাধ শনাক্ত হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি পোর্টসমাউথে অভিবাসন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা শরণার্থীদের নিয়ে কয়েক দিন আগেই শহরটিতে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যেই পাকিস্তান দলের কোচে করে হোটেলে পৌঁছানোর ছবি ছড়িয়ে পড়ায় তৈরি হয় এই বিভ্রান্তি।
ঘটনার পর পাকিস্তান যুব দলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরের বাকি অংশে দলটির নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে।
আরটিভি/এসকে



