
মাত্র ১০ বছর ৩ মাস বয়সেই জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন ভারতের দিল্লির খুদে শুটার নায়রা শর্মা। জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করা ভারতের সর্বকনিষ্ঠ শুটার এখন তিনিই।
সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার স্কুল শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেন নায়রা। সেখানে ৪০০-এর মধ্যে ৩৬৩ পয়েন্ট অর্জন করে জাতীয় চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করেন তিনি।
দিল্লির টপগান শুটিং একাডেমিতে অনুশীলন করেন নায়রা। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় জাতীয় চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন এই খুদে শুটার।
নায়রার প্রতিযোগিতামূলক শুটিংয়ে পথচলাও খুব বেশি দিনের নয়। গত জুনে দিল্লি স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক শুটিংয়ে অভিষেক হয় তার। এরপর জুলাইয়ে দেরাদুনে অনুষ্ঠিত ইন্ডিয়া ওপেনে অংশ নেন। আর নিজের তৃতীয় প্রতিযোগিতাতেই বাজিমাত করে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেন নায়রা।
মেয়ের এই সাফল্যে গর্বিত নায়রার বাবা প্রশান্ত শর্মা। তিনি বলেন, ‘একজন বাবা হিসেবে নায়রাকে ভারতের সর্বকনিষ্ঠ শুটার হিসেবে জাতীয় পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করতে দেখে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্প। পাশাপাশি টপগান শুটিং একাডেমির দিকনির্দেশনা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
প্রতিযোগিতামূলক শুটিংয়ে পা রাখার মাত্র কয়েক মাসের মধ্যেই জাতীয় পর্যায়ের মঞ্চে জায়গা করে নিয়েছেন নায়রা। মাত্র ১০ বছর বয়সে এমন অর্জন নিঃসন্দেহে তার উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে।
আরটিভি/এসকে


