
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ। ফলে তাইজুল ইসলামকে খুব কাছ থেকেই দেখছেন তিনি। এবার বিশ্বসেরা তিন স্পিনারের মধ্যে নিজের শিষ্যকে রেখেছেন এই স্পিন কোচ।
উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের তিন স্পিনারের নাম জানান মুশতাক। যেখানে তিনি বেছে নিয়েছেন— তাইজুল ইসলাম, কেশব মহারাজ ও আদিল রশিদকে।
টেস্ট দলে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য বোলার তাইজুল ইসলাম। অন্যদিকে মহারাজ ও আদিল রশিদ সাদা বলের ক্রিকেটে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাদের পাশাপাশি লায়নের নামও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন মুশতাক।
তিনি বলেন, তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে, বাহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদ। অনেকেই আছে যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়ত পেরিয়ে গেছে।
লায়নের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য এখন পড়তির দিকে। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৩ টেস্ট খেলা এই অফ স্পিনার ওয়ানডে খেলেছেন মাত্র ২৯টি। ৩৮ বছর বয়সী লায়ন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে। এরপর আর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নিয়মিত দেখা যায়নি তাকে।
লায়নের ওয়ানডে ক্যারিয়ারের এমন পরিণতিতে বিস্ময় প্রকাশ করে মুশতাক বলেন, নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি শকড। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।
তাইজুল, মহারাজ ও আদিলকে বেছে নেওয়ার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ওভার করার সামর্থ্যই একজন স্পিনারের বড় শক্তি।
মুশতাক বলেন, ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন তো অন্যদের টেকনিক ধরে ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।
মুশতাকের তালিকায় তাইজুলের নাম থাকাটা বাংলাদেশের ক্রিকেটের জন্যও দারুণ ব্যাপার। বিশেষ করে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কোনো স্পিনারকে না রেখেই এশিয়া থেকে শুধু বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারকে বেছে নিয়েছেন তিনি।
আরটিভি/এসআর



