
চলমান নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টাইগ্রেসদের ১৫০ রানের বড় লক্ষ্য দিয়েছে স্মৃতি মান্ধানা-হারমানপ্রীতরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাইয়ে আগে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে ধাক্কাটা দেন সুলতানা খাতুন। ৫ বলে ২ রান করা স্মৃতি মান্ধানাকে সাজঘরে ফিরিয়ে দেন সুলতানা। এরপর প্রাতিকা রাওয়ালকে সাথে নিয়ে এগিয়েছেন টিকে থাকা ওপেনার শেফালি ভার্মা।
শেফালিকে আউট করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে টাইগ্রেস ফিল্ডারদের মাখন গলানো হাত থেকে ক্যাচ পড়েছে তিনবার। একবার রানআউটের সুযোগ পেয়েও কাজে লাগানো যায়নি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে ভারত।
পাওয়ারপ্লে শেষ হওয়ার একটু পরে আউট হয়েছেন রাওয়াল। ২৪ বলে ২০ রান করে রাবেয়া খানের বলে আউট হয়েছেন তিনি। শেফালির উইলোবাজি চলেছেই। ছুঁয়েছেন ফিফটি। ৪০ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলে দলের ৯২ রানের মাথাতে থামেন শেফালি। তাকে ফেরান সুলতানা।
চারে নামা হারমানপ্রীত কৌর এক প্রান্ত ধরে খেলেছেন। আরেক প্রান্তে রিচা ঘোষ ১৬ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন। তাকে ফিরিয়েছেন নাহিদা আক্তার, স্ট্যাম্পিং করেছেন নিগার সুলতানা জ্যোতি।
শেষ দিকে দীপ্তি শর্মা এবং হারমানপ্রীত মিলে তুলোধুনো করেছেন টাইগ্রেস বোলারদের। ৬ বলে ১৩ রান করা দীপ্তিকে শেষ ওভারে ফেরান মারুফা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। ১টি করে উইকেট শিকার করেছেন রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।
আরটিভি/এসআর




