
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ভেন্যু ও প্রস্তুতি দেখতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে দলটি।
এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবে আইসিসির প্রতিনিধিরা। এ সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে।
বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে আইসিসির দল। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ঘুরে দেখেছেন প্রতিনিধিরা।
২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
আইসিসির পরিদর্শন ও মূল্যায়ন শেষে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে।
আরটিভি/এসআর


