ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন রোহিত। মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ক্রিজে নেমে নিজের খেলা চতুর্থ বলে জেডেন সিলসের বিপক্ষে দুই রান নিয়েই ওপেনার হিসেবে পূর্ণ করেন ১০ হাজার রান।

এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের লেগেছে মাত্র ২০২ ইনিংস। অন্যদিকে, ২০০৪ সালে রেকর্ডটি গড়তে শচীন টেন্ডুলকার খেলেছিলেন ২১৪ ইনিংস। ফলে শচীনের চেয়ে ১২ ইনিংস কম খেলেই নতুন রেকর্ডের মালিক হলেন রোহিত।

ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করা চতুর্থ ব্যাটার রোহিত। এই তালিকায় তার আগে রয়েছেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। গেইলের লেগেছিল ২৬৮ ইনিংস, আর জয়সুরিয়ার প্রয়োজন হয়েছিল ৩০৩ ইনিংস।

এদিকে, আগের ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত। তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেললেও মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।

একদিকে ব্যক্তিগত মাইলফলক, অন্যদিকে শচীনের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙা—সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন রোহিত শর্মা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ভারতের। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয় পাওয়া ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান। ৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি। কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত। তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। আরটিভি/এসকে
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
এশিয়ান গেমসে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেমিফাইনালে পাকিস্তান ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে পদক ছাড়াই ফিরতে হচ্ছে লিটন দাসের দলকে। দলের এমন ব্যর্থতায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার নিশিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলে ৬৩ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন। তিনি স্বীকার করেন, দলের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেননি তারা। সালাউদ্দিন বলেন, সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। এশিয়ান গেমসে যাওয়ার আগে ফাইনালে খেলার প্রত্যাশা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই লক্ষ্যের প্রতিফলন দেখা যায়নি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। মাত্র ২১ রানে প্রতিপক্ষের চার উইকেট তুলে নেয় দল। তবে সেখান থেকে থারিন্দু রাত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন দায়ী করেন বোলিংয়ের কয়েকটি খারাপ ওভার এবং পাওয়ার প্লেতে ব্যাটিং বিপর্যয়কে। তিনি বলেন, এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বোলিংও আলোচনায় এসেছে। তিন ওভারে ৪৩ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচেও নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। তবে মোস্তাফিজের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন সালাউদ্দিন। বাংলাদেশ কোচ বলেন, আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে। অধিনায়ক লিটন দাসের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২ রান করেছেন তিনি। ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম বলেই বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন লিটন। অধিনায়কসহ দলের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সালাউদ্দিন বলেন, আমি সব সময় বলব তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি। শ্রীলঙ্কার রান তাড়ায় শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সাইফ হাসান, তানজিদ হাসান ও লিটন দাস তিনজনই রানের খাতা খোলার আগেই ফিরে যান। মাত্র ৪ রানে তিন উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। ক্রিকেটারদের শরীরী ভাষা ও মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে খেলোয়াড়দের চেষ্টার ঘাটতি দেখছেন না প্রধান কোচ। তার মতে, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা এবং দ্রুত উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ। সালাউদ্দিন বলেন, প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি বের করা সম্ভব হয়নি। এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশা নিয়ে যাওয়া বাংলাদেশের এমন বিদায় স্বাভাবিকভাবেই হতাশার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় দলের একাধিক নিয়মিত ক্রিকেটার নিয়েও প্রত্যাশিত ফল না পাওয়ায় দলের প্রস্তুতি, পরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন। আরটিভি/এসকে
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
আরও পড়ুন
শচীনকে টপকে টেলরের বিশ্বরেকর্ড
শচীনকে টপকে টেস্টে জো রুটের নতুন বিশ্ব রেকর্ড
টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রুট
ভারতীয় দলে বৈভব সূর্যবংশী, ভেঙে যাচ্ছে শচীনের রেকর্ড