
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে। আসন্ন আসরে অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে বোলিং আক্রমণে থাকবেন রিশাদ।
গত মৌসুমে বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাংলাদেশের এই স্পিনার। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে শিকার করেন ১৫ উইকেট। তার ইকোনমি রেট ছিল ৭.৮২, আর সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
রিশাদকে দলে ধরে রাখতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস। তার মতে, হোবার্টে ফিরে আসার বিষয়ে রিশাদের আগ্রহ চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিমস বলেন, রিশাদ আমাদের স্পষ্ট করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।
রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, গত মৌসুমে সে অসাধারণ খেলেছে। বিগ ব্যাশে প্রথমবার খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার প্রমাণ।
আসন্ন মৌসুমে অ্যাডাম জাম্পা ও রিশাদকে একসঙ্গে পাওয়ায় দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়বে বলে মনে করছে হোবার্ট। জাম্পার দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে মাঝের ওভারগুলোতে রিশাদের আক্রমণাত্মক লেগ স্পিন প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে বলে আশা দলটির।
হোবার্টের সঙ্গে রিশাদের সম্পর্ক অবশ্য গত মৌসুমের আগেই শুরু হয়েছিল। বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ত সূচির কারণে সেবার হোবার্টের হয়ে খেলা হয়নি তার।
আগামী ১২ ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশের ১৬তম আসর। আর ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিশাদের দল হোবার্ট হারিকেন্স।
হোবার্ট হারিকেন্সের দল
মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।
আরটিভি/এসকে
-1792047740-409796_1792047760.jpg)


