
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস।
বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন।
বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি।
এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য।
এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।
আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের।
কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা।
আরটিভি/এসকে




