ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এক বিবৃতিতে পোলার্ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলের অন্যতম সফল দলটি।

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন জয়াবর্ধনে। এর এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত। এমআই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ। এই দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। এই সময়ে ১৮৯ ম্যাচে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। তার সময়ে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ২০২২ মৌসুমের পর মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পোলার্ড বলেন, ‘একজন খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং নীল-সোনালি জার্সি পরে খেলার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং সমর্থকদের উদ্‌যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’

সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করেছে দলটি। নতুন প্রধান কোচের অধীনে আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ফিরিয়ে আনতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পোলার্ডের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে সে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দলের সঙ্গে ভাগ করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে প্রধান কোচের নতুন দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। পলি জানে, এমআইয়ের জার্সি পরার অর্থ কী এবং দলের হয়ে খেলতে কী প্রয়োজন। আমি আত্মবিশ্বাসী, এই দায়িত্বেও সে একই রকম নিষ্ঠা, বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবে। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে জানাই শুভকামনা।’

খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে বড় অবদান রাখার পর এবার কোচ হিসেবে দলকে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ পোলার্ডের সামনে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করে রিভার্স সুইং আদায়ের জন্য খেলোয়াড়রা ভেসলিন ব্যবহার করছেন বলে দাবি করেছে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশের কর্মকর্তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে শিরোপা জেতে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ। ম্যাচ শেষে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে এনে নতুন বিতর্কের জন্ম দেন ঢাকা দলের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, খেলোয়াড়রা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রেখে বলের কন্ডিশন পরিবর্তনের চেষ্টা করেন। ফলে কে বা কারা এই অনিয়মে জড়িত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহারের ফলে বলের ওজন ও গতিপথে পরিবর্তন আসে, যা রিভার্স সুইং এবং স্কিড পেতে সহায়তা করে। তার অভিযোগ, খুলনা বিভাগের খেলোয়াড়রা চুলে ও হাতে ভেসলিন ব্যবহার করে সেখান থেকে বলে ঘষতেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি আম্পায়ারদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গন্ধহীন ভেসলিন ব্যবহার করায় বিষয়টি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। এনসিএলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, দলগুলোর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও আম্পায়াররা এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ফলে ঘরোয়া ক্রিকেটে বলের কন্ডিশন পরিবর্তনে ভেসলিন ব্যবহারের অভিযোগ ক্রমেই আলোচনায় আসছে। এখন দেখার বিষয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে বিসিবি কোনো তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কি না। একই সঙ্গে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার সুনাম রক্ষায় কর্তৃপক্ষ কী ভূমিকা রাখে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ক্রিকবাজ। আরটিভি/এসকে
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে এই সংস্করণে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
ইমার্জিং নেশনস ট্রফি / জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা।  শুক্রবার (১৩ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এদিন রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।  চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি। আরটিভি/এসআর
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা ভারত। সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতেই পারেনি শুভমান গিলের দল।
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।  এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন। আরটিভি/এসআর  
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
আরও পড়ুন
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাইকে হারাল রাজস্থান