ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত

২০১৮ সালের কেপটাউন টেস্টে আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। তার দাবি, বল বিকৃতির বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও তিনি জানতেন না, দক্ষিণ আফ্রিকা সফরে পুরো দলই এ বিষয়ে অবগত ছিল।

ব্যানক্রফটের অভিযোগ, বলের অবস্থা ও রিভার্স সুইং নিয়ে দলের বোলারদের সঙ্গে নিয়মিত আলোচনা হতো। এমনকি প্রধান কোচ ও বোলিং কোচের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল।

বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক লেখায় এসব দাবি করেন তিনি। ব্যানক্রফট জানান, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি। দলের অন্যদের জড়ানো এড়াতে বল বিকৃতি কখন শুরু হয়েছিল, কত দিন চলেছিল এবং কারা এতে সম্পৃক্ত ছিলেন এসব তথ্য গোপন করেছিলেন।

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ব্যানক্রফট। সংবাদ সম্মেলনে কামিন্স দাবি করেছিলেন, কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিংবা দলের অন্য বোলাররা কিছুই জানতেন না।

কামিন্সের বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যানক্রফট লিখেছেন, ‘এতে আমি ক্ষুব্ধ, প্রতারিত ও একা বোধ করেছি। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অনুভব করেছি এবং যার মধ্য দিয়ে গেছি, কামিন্সের সংবাদ সম্মেলনের বক্তব্য তার সঙ্গে মেলে না।’

ব্যানক্রফটের দাবি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে বলের রিভার্স সুইং নিয়ে নিয়মিত আলোচনা হতো। প্রধান কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল।

স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব প্রথম ডেভিড ওয়ার্নার দিয়েছিলেন বলেও দাবি করেন ব্যানক্রফট। তবে ক্যামেরার নজরে থাকার কারণে নিজে এই কাজ করতে চাননি ওয়ার্নার। শেষ পর্যন্ত কেপটাউন টেস্টে বল বিকৃতির সময় ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট।

ওই ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস করে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিজের ক্যারিয়ারের ক্ষতির কথাও তুলে ধরেছেন ব্যানক্রফট। তার ভাষায়, ‘আমার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার পর থেকে দেশের হয়ে আর খেলতে পারিনি। তবে অসম্পূর্ণ একটি সত্যকে আড়াল করে রাখা এখন সত্য বলার চেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে।’

এদিকে ব্যানক্রফটের নতুন বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালের ঘটনা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার জন্য গঠিত ফোরামের কার্যক্রম শিগগিরই শুরু হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
আইপিএলের ২০২৭ মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও নিজের ফিটনেস ধরে রাখতে আগামী মৌসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তার এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে হ্যারি ব্রুকের দল।  বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি এবং সনি বেকারের বোলিং নৈপুণ্যে হোবার্টে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেন ডাকেট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে ৭৪ রান যোগ করেন তারা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৯টি চারে ৪৪ রান করে ফেরেন ব্যান্টন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স ১২ রান করে আউট হন। জফরা আর্চারও করতে পারেননি ৭ রানের বেশি। একপর্যায়ে ১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেন ডাকেট। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে উইল জ্যাকসের ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। স্যাম কারান যোগ করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৪টি এবং ম্যাট রেনশ ৩টি উইকেট নেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ১০ বলের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন গাস অ্যাটকিনসন ও সনি বেকার। এরপর জশ ইংলিসকেও সাজঘরে ফেরান বেকার। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৫৫ রান করে লিয়াম ডসনের শিকার হন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে ৩৭ রান করেন ক্যারি। এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় ক্যামেরন গ্রিনকে। অ্যাটকিনসনের বাউন্সার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত পাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে মাঠে নামেন অলিভার পিক। তবে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১ ও জেভিয়ার বার্টলেট ১৬ রান করেন। বেকারের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১৩ রানে অপরাজিত থাকেন মাহলি বেয়ার্ডম্যান। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সনি বেকার। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন লিয়াম ডসন। গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক পান একটি করে উইকেট। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয় এবং ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের সিরিজ জয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির গড়ল তারা। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে ১৩৫ রানের জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে হোবার্টেও দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করে ব্রুকের দল। এ জয়ে আরও একটি কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। আরটিভি/এসকে
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আইপিএলের নতুন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা।
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
থাইল্যান্ডকে হারিয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ওমানের আজমানে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের