
ওয়েলসের বিপক্ষে জয়ের পর পর্তুগালের দুই তারকা ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোর একটি অঙ্গভঙ্গি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় ক্যামেরার সামনে তাদের আচরণকে কেউ নিছক মজা হিসেবে দেখলেও, অনেকের ধারণা সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে পরোক্ষ খোঁচা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে তাদের মাঠে ৩-২ গোলে হারায় পর্তুগাল। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ-৪-এর শীর্ষস্থানও নিশ্চিত করে দলটি।
ম্যাচ শেষে কার্ডিফ সিটি স্টেডিয়ামে পর্তুগালের খেলোয়াড়দের উদযাপনের দৃশ্য ধারণ করছিল সম্প্রচারকারী ক্যামেরা। এ সময় ক্যামেরার সামনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, ‘বসকে দেখাও!’ একই সঙ্গে তিনি সতীর্থ জোয়াও কানসেলোর দিকে ইঙ্গিত করেন।
এরপর ক্যামেরা ঘুরে যায় কানসেলোর দিকে। বার্সেলোনার এই ডিফেন্ডার হাসিমুখে নিজের বাহুতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড দেখান। তাদের এই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।
অনেকেই ঘটনাটিকে সতীর্থদের মধ্যে নিছক মজা হিসেবে দেখছেন। তবে কারও কারও মতে, এর মাধ্যমে পর্তুগালের সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন ব্রুনো ও কানসেলো। বিশেষ করে জাতীয় দল থেকে রোনালদোর বিদায় নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
এর আগে জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে রোনালদোর সম্পর্ক ভালো নয় এমন গুঞ্জনও ছড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে আল নাসরের এই ফরোয়ার্ড কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা প্রকাশ্যে স্বীকার করায় আলোচনা আরও জোরালো হয়। যদিও রোনালদো কিংবা পর্তুগালের অন্য কোনো খেলোয়াড় সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর নিশ্চিত করেননি।
রোনালদোর জাতীয় দল ছাড়ার পর এটি ছিল পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। এর মধ্যেই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন তার মা ডলোরেস আভেইরো। ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারের পর সংবাদমাধ্যম এসআইসি নোটিসিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার ছেলের সঙ্গে অন্যায় করা হয়েছে।
ডলোরেস বলেন, ‘ওর সঙ্গে প্রতারণা করা হয়েছে, বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। এখনো আমি দুঃখিত। হারটা প্রাপ্য ছিল, আমি খুশি হয়েছিলাম।’
রোনালদোর সাবেক সতীর্থদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, তারা ওকে সম্মান কিংবা ভালোবাসা দেখিয়েছে। ওকে সম্মান করেনি। এমনকি সতীর্থরাও না।’
পরে ডলোরেস যোগ করেন, ‘ক্রিস্টিয়ানোও একই অনুভব করে।’
সব মিলিয়ে ওয়েলসের বিপক্ষে জয়ের পর ব্রুনো ও কানসেলোর উদযাপনের সেই মুহূর্ত পর্তুগাল ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে তাদের অঙ্গভঙ্গি সত্যিই রোনালদোকে উদ্দেশ্য করে ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে



