
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে জরিমানা ও ড্রাইভিং লাইসেন্স স্থগিতের সাজা দেওয়া হয়েছে স্প্যানিশ সেন্টার-ব্যাক রাউল অ্যাসেনসিওকে।
গত ১৬ আগস্ট গ্রান ক্যানারিয়ার একটি গ্রামে ঘটে যাওয়া ঘটনাটির পর স্থানীয় আদালত তাকে এই সাজা দেন। বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত এই তথ্য করেছে স্পেনের গ্রান কানারিয়ার একটি আদালত সূত্র।
নিয়মের চেয়ে তিন গুণেরও বেশি অ্যালকোহল পান করে গাড়ি চালানো অবস্থায় ধরা পড়ায় অ্যাসেনসিওকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা এবং তার ড্রাইভিং লাইসেন্স আট মাসের জন্য স্থগিত করা হয়েছে।
গত জুলাইয়ের শেষ দিকে হ্যামস্ট্রিং চোটের কারণে পুর্নবাসনে থাকায় রিয়াল মাদ্রিদের স্কোয়াডের সঙ্গে সেই সময়ে ছিলেন না এই তরুণ স্প্যানিশ ডিফেন্ডার। তবে এই এক ঝামেলাতেই শেষ নয় অ্যাসেনসিওর।
২০২৩ সালের একটি সম্মতিহীন যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চলতি সপ্তাহেই আদালতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
স্প্যানিশ মিডিয়ার তথ্য মতে, ভিডিওতে থাকা দুই নারী তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিলে আসেনসিও এই মামলা থেকে রেহাই পেতে পারেন।
এই একই ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে রিয়ালের সাবেক তিন রিজার্ভ খেলোয়াড়ও বিচারের মুখোমুখি হচ্ছেন, যার শুনানি শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বর মাসেই।
আরটিভি/এসআর


