
লিগ বদলালেও গোল করার অভ্যাস বদলাননি হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। এবার জার্মান কাপেও গড়লেন নতুন কীর্তি।
বুধবার (২ সেপ্টেম্বর) জার্মান কাপের ম্যাচে ভিএফএল ওসনাব্রুককে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখার পাশাপাশি টুর্নামেন্টে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন কেইন।
জার্মান কাপে এর আগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি ছিল মাত্র দুজনের। ১৯৬৭ থেকে ১৯৬৮ সালের মধ্যে প্রথম এই কীর্তি গড়েন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। পরে ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে একই কীর্তি স্পর্শ করেন থমাস মুলার। এবার সেই তালিকায় নাম লেখালেন কেইন।
ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি বায়ার্নের। পঞ্চম মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে ওসনাব্রুককে এগিয়ে দেন রবিন মেইসনার।
তবে ১৮ মিনিটেই বায়ার্নকে সমতায় ফেরান কেইন। এটিই ছিল মৌসুমে তাঁর প্রথম গোল। সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাভারিয়ানরা। ২৪ মিনিটে টম বিশফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে জার্মান জায়ান্টরা। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। ৮৬ মিনিটে সফল স্পটকিকে জোড়া গোল পূর্ণ করেন ইংল্যান্ডের অধিনায়ক।
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় বায়ার্ন মিউনিখ।
আরটিভি/এসকে


