
বিশ্বফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে একই দলের হয়ে খেলানোর পরিকল্পনা করছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। নিজের বিদায়ী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একসঙ্গে মাঠে নামানোর স্বপ্ন দেখছেন তিনি।
আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ জানান, মেসি ও রোনালদোকে একই ম্যাচে খেলানোর ব্যাপারে তিনি নিজেই উদ্যোগ নেবেন। দুই তারকার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলেও জানান সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তেভেজের পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি হতে পারে বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে। বোকা জুনিয়র্সের সভাপতি রোমান রিকুয়েলমের কাছ থেকেও আয়োজনের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তিনি। আগামী ডিসেম্বরের ১২, ১৩ অথবা ১৯ তারিখের কোনো এক দিন ম্যাচটি আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।
তবে মেসি-রোনালদোকে নিয়েই থেমে থাকতে চান না তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও ওয়েস্ট হামের মতো ক্লাবে খেলা সাবেক এই তারকা তার ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা ফুটবলারকে বিদায়ী ম্যাচে জড়ো করতে চান।
পরিকল্পিত তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন এডউইন ভ্যান ডার সার ও জিয়ানলুইজি বুফন। রক্ষণভাগে রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চির মতো তারকাদের নাম রয়েছে। মিডফিল্ডে আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস ও হুয়ান রোমান রিকুয়েলমে এবং আক্রমণভাগে ওয়েন রুনি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখতে চান তেভেজ।
তবে এখনো কারও কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি। তেভেজের ভাবনা অনুযায়ী, একদিকে থাকবে তার শৈশবের বন্ধুদের নিয়ে গড়া দল, অন্যদিকে খেলবেন তার সাবেক তারকা সতীর্থরা।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে বিরল এক দৃশ্য একই জার্সিতে মেসি ও রোনালদো। এতদিন যাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফুটবল বিশ্ব বিভক্ত ছিল, সেই দুই তারকাকে এবার একই দলের হয়ে খেলতে দেখার সুযোগ তৈরি হতে পারে।
আরটিভি/এসকে




