
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে আজ সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিল লাল-সবুজের দলটি।
ইন্দোনেশিয়ায় গড়াতে চলা আসরে বাংলাদেশ খেলবে ডিভিশন ১’এ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
তিন ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তাদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল পুরোপুরি প্রস্তুত হবে।
আসিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মিডফিল্ডার: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।
আরটিভি/এসআর




