
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। এই হারের ক্ষত না শোকাতেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
বাবুর ভাষ্য, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারারাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত হলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বাবু বলেন, ‘যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নেব।’
ঘটনার সূত্রপাত একটি এক্স পোস্ট থেকে। আলানা নামের এক ইন্দোনেশিয়ান নারী এক্সে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।
প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।
তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।
একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।
আরটিভি/এসআর




