
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো টেলিভিশন চ্যানেলই আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে অনলাইনে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5-এ ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতেও ম্যাচটি সম্প্রচারিত হবে। এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।
অন্যদিকে, অনানুষ্ঠানিক কিছু থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও অনেক সময় সরাসরি খেলা দেখা যায়। স্পোর্টসফাই ও ক্রীড়া টিভির মতো প্ল্যাটফর্মেও ম্যাচটির স্ট্রিমিং পাওয়া যেতে পারে। তবে এসব অনানুষ্ঠানিক মাধ্যমে খেলা দেখার ক্ষেত্রে নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিং নিয়ে ঝুঁকি রয়েছে।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।
আর্জেন্টিনায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টসের প্ল্যাটফর্মে ম্যাচটি দেখার সুযোগ থাকবে।
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসিকে দেখতে মুখিয়ে আছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। বাংলাদেশের ভক্তদের জন্য আপাতত সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মই ম্যাচটি দেখার প্রধান বৈধ উপায়।
আরটিভি/এসকে


