
সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচসেরা নির্বাচিত হলেও নিজের হাতে পুরস্কার না রেখে সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের হাতে তুলে দিয়েছেন তিনি।
আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে লিগের ১১তম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন রোনালদো। তার গোলে ব্যবধান ২-০ করে আল নাসর।
এরপর আরও একবার জালের দেখা পেয়েছিলেন বলে মনে হয়েছিল রোনালদোর। সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের পাস থেকে নিখুঁত ফিনিশিং করলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নজর কাড়লেও আল হামদানও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন তিনি। পরে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যাঞ্জেলোর গোলেও অবদান রাখেন। রোনালদোর বাতিল হওয়া গোলটির পেছনেও ছিল তার ভূমিকা।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে পুরস্কারটি নিজের কাছে না রেখে সতীর্থ আল হামদানকে দিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
পূর্ণ সময়ের বাঁশি বাজার পর আল হামদানকে ডেকে নেন রোনালদো। এরপর পোডিয়ামের সামনে দাঁড়িয়ে হাসিমুখে তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন। দুজন একসঙ্গে ছবিও তোলেন। রোনালদোর এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ক্যারিয়ারের গোলসংখ্যায় নতুন মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি।
ক্লাবভিত্তিক হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৬ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে একটি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আরও ১৮ গোল।
আরটিভি/এসকে


