ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ বছরের রূপকথা, আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সময়ের অন্যতম সেরাটা ফুটবলার লিওনেল মেসি। এবার তার দেখানো পথেই হাঁটলেন আরেক ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড—দুটিই তার দখলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো এবং ফিফা বিশ্বকাপেও রয়েছে তার একাধিক অনন্য কীর্তি।

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রা শুরু ২০০৩ সালের ২০ আগস্ট। কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। এই দীর্ঘ সময়ে গোল, ম্যাচ, বড় টুর্নামেন্টে অংশগ্রহণ এবং ধারাবাহিকতার বিচারে গড়েছেন একের পর এক রেকর্ড।

উয়েফার ২০২৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ম্যাচ ২৩৪টি, গোল ১৪৬টি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে এই দুই বিভাগেই তিনি বিশ্বরেকর্ডের অধিকারী। তার পরের অবস্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি—২০৮ ম্যাচে ১২৬ গোল।


আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে তিনি ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। দাইয়ে ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরানের হয়ে ১০৯ গোল করেছিলেন।


রোনালদো ২০২৬ সালের অক্টোবরের মধ্যে নিজের গোলসংখ্যা নিয়ে যান ১৪৬-এ। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা মেসির চেয়ে ২০ গোল এগিয়ে তিনি। ১০০ আন্তর্জাতিক গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো—পুরুষদের ফুটবলে আলী দাইয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে।

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ


গোলের মতো ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর দখলে। ২০২৩ সালের ২৩ মার্চ লিশটেনস্টাইনের বিপক্ষে মাঠে নেমে পর্তুগালের হয়ে নিজের ১৯৭তম ম্যাচ খেলেন তিনি। এর মধ্য দিয়ে কুয়েতের বদর আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের বিশ্বরেকর্ড ছাড়িয়ে যান।


এরপর ২০২৩ সালের জুনে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ২০০-তে নিয়ে যান। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত তার ম্যাচসংখ্যা ২৩৪। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে খেলার এই নজিরও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

বিশ্বকাপেও বাজিমাত রোনালদোর

বিশ্বকাপের ইতিহাসেও রোনালদোর একটি অনন্য রেকর্ড রয়েছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—ছয়টি বিশ্বকাপ আসরেই গোল করেছেন তিনি। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড় রোনালদো।


২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরানের বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোল করেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, কাতার ও ২০২৬ সালের আসরেও গোলের দেখা পান।

ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপে রোনালদোর ম্যাচ ২৭টি এবং গোল ১১টি। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি দ্বিতীয় অবস্থানে। পর্তুগালের হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতাও তিনি।


ইউরোতে সর্বোচ্চ ম্যাচ ও গোল


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোতে রোনালদোর রেকর্ড আরও সমৃদ্ধ। টুর্নামেন্টটির চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ গোলের রেকর্ডও তার।


উয়েফার হিসাবে, ইউরোর চূড়ান্ত পর্বে রোনালদোর ম্যাচ ৩০টি এবং গোল ১৪টি। বাছাইপর্বসহ ইউরোতে তার ম্যাচ ৭৪টি, গোল ৫৫টি। ইউরোর ইতিহাসে কোনো খেলোয়াড়ের এত বেশি গোল নেই।

২০০৪ সালে নিজের প্রথম ইউরো আসরে খেলেন রোনালদো। এরপর ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০ ও ২০২৪—সব মিলিয়ে ছয়টি আসরে অংশ নিয়েছেন। ছয় আসরে খেলার রেকর্ডও তার।


২০০৪ সালে পর্তুগাল ফাইনালে উঠলেও গ্রিসের কাছে হেরে যায়।

২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো শিরোপা জেতে পর্তুগাল। ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হলেও দলের শিরোপা জয়ের মুহূর্তে অধিনায়ক রোনালদো ছিলেন মাঠের বাইরে থেকে দলের প্রেরণা।


বাছাইপর্বেও গোলের বিশ্বরেকর্ড


বিশ্বকাপ ও ইউরো—দুই প্রতিযোগিতার বাছাইপর্বেই গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল ৪১টি। পুরুষদের বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে এটিই সর্বোচ্চ।

ইউরো বাছাইপর্বেও তার গোল ৪১টি। ইউরোর চূড়ান্ত পর্বে ১৪ গোল যোগ করলে প্রতিযোগিতাটিতে তার মোট গোল দাঁড়ায় ৫৫। ইউরোর বাছাইপর্ব ও চূড়ান্ত পর্ব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনিই।

টানা ২৩ বছর গোল

দীর্ঘ সময় ধরে গোল করার ধারাবাহিকতাও রোনালদোর বড় অর্জন। ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হলেও প্রথম দুই ম্যাচে গোল পাননি। ২০০৪ সালে প্রথম আন্তর্জাতিক গোল করার পর ২০২৬ সাল পর্যন্ত টানা ২৩ বছর জাতীয় দলের হয়ে গোল করেছেন তিনি।

উয়েফার তথ্য অনুযায়ী, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা এত বছর গোল করার রেকর্ডও রোনালদোর। এর আগে আয়ারল্যান্ডের সাবেক স্ট্রাইকার রবি কিন ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১৯ বছর গোল করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিক

পর্তুগালের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যাও অনন্য। উয়েফার রেকর্ড অনুযায়ী, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি হ্যাটট্রিক করেছেন তিনি। এর মধ্যে দুটি ম্যাচে চারটি করে গোল করেছেন। এ ছাড়া ২৮টি ম্যাচে জোড়া গোল করেছেন।

প্রতিপক্ষ হিসেবে লুক্সেমবার্গের বিপক্ষে সবচেয়ে বেশি ১১টি গোল করেছেন রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে তার গোল ৯টি। আর্মেনিয়া, লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে করেছেন সাতটি করে গোল।

ছয় বিশ্বকাপ ও ছয় ইউরো

একজন ফুটবলারের ক্যারিয়ার সাধারণত সীমিত সময়ের। কিন্তু রোনালদো দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলে একাধিক প্রজন্মের সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছেন। ছয়টি বিশ্বকাপ ও ছয়টি ইউরো আসরে অংশ নেওয়া তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রমাণ।

২০২৬ বিশ্বকাপের পর ফিফাকে দেওয়া বক্তব্যে রোনালদো জানান, বিশ্বকাপের মঞ্চে সেটিই ছিল তার শেষ অংশগ্রহণ। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে ২০২৬ সালের ৫ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পর্তুগালের জাতীয় দলকে বিদায় জানানোর পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। সে সময় তার আন্তর্জাতিক ম্যাচ ছিল ২৩৪টি এবং গোল ১৪৬টি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপায় ঘরে তুলেছেন লিওনেল মেসি। তবে স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই প্রশ্নের উত্তর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি।  সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার সেই নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে ফাঁস হয়েছে, তা জানা যায়নি। কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র নম্বরপত্রে দেখা যাচ্ছে, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে। মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে। স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।  তিনি বলেন, সে (মেসি) খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন। এর আগে রোজারিওতে শৈশব স্মরণ করে মেসি বলেছিলেন, সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না। বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন। আরটিভি/এসআর
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
ফুটবল মাঠে গোলের লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়মিত ঘায়েল করেন আর্লিং হালান্ড। তবে এবার মাঠের বাইরে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
আরও পড়ুন
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ