
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্থিক অনিয়মের অভিযোগে সম্ভাব্য শাস্তির শঙ্কার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই স্ট্রাইকারের দলবদলের বিষয়টি। সবকিছু বিবেচনায় হলান্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম।
ম্যানচেস্টার সিটির হয়ে নিজেকে ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি গোলের পর গোল করে দলের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে উঠেছেন এই নরওয়েজিয়ান। চলতি প্রিমিয়ার লিগেও প্রথম নয় ম্যাচে করেছেন নয় গোল।
সিটির সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে হলান্ডের। তবে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও ক্লাব ছাড়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড। সিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের আপিলের রায়ের ওপরই অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে আলফ-ইঙ্গে বলেন, ‘আমার মনে হয়, আপিলের রায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। দ্রুতই এর নিষ্পত্তি হতে পারে। তবে বর্তমানে সিটির বিরুদ্ধে সমর্থক, প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের একটি অংশ অবস্থান নিয়েছে। তাই আপিলের ফল কী হয়, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সিটি বিশ্বাস করে, তাদের নির্দোষ প্রমাণ করার মতো শক্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আর্লিং এখন শুধু যত বেশি সম্ভব ফুটবল খেলার কথা ভাবছে এবং সেটিতেই মনোযোগ দিচ্ছে। মাঠের বাইরের বিষয়টি নিয়ে আমরাই হয়তো একটু বেশি ভাবছি।’
আর্থিক অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত বড় ধরনের শাস্তির মুখে পড়লে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হতে পারে আরও অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ক্লাবটির শীর্ষ তারকাদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে হতে পারে। হলান্ডকে দলে ভেড়াতে তখন আগ্রহ দেখাতে পারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।
তবে হলান্ডের বিশাল ট্রান্সফার ফি ও আকাশছোঁয়া বেতন বহন করার সামর্থ্য সবার নেই। এদিক থেকে সম্ভাব্য গন্তব্য হিসেবে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরেই এই স্ট্রাইকারকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে স্প্যানিশ ক্লাবটির। পাশাপাশি একজন স্বীকৃত নাম্বার নাইন স্ট্রাইকারের প্রয়োজনও রয়েছে তাদের।
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হলান্ডের জুটি গড়ে উঠলে ইউরোপীয় ফুটবলে ভয়ংকর এক আক্রমণভাগ পেতে পারে রিয়াল। যদিও এখন পর্যন্ত দলবদলের বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ পরিস্থিতি হলান্ডের ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরটিভি/এসকে


