
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন।
এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান।
ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের।
সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।
আরটিভি/এসআর


