
ফুটবল মাঠের বাইরে এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ প্রযোজনার কাজ শুরু করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নতুন এই উদ্যোগের খবর জানান ৪১ বছর বয়সী রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের প্রযোজনার কাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিরিজটি। চিত্রনাট্যনির্ভর এই ড্রামায় ফুটবলের মাঠের বাইরের ব্যবসায়িক জগতের নানা ঘটনা তুলে ধরা হবে। বিশেষ করে প্রভাবশালী ফুটবল এজেন্সিকে ঘিরে ক্ষমতার লড়াই, চুক্তি-আলোচনা এবং বিভিন্ন পক্ষের সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে এতে।
সিরিজটিতে প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার পাশাপাশি প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভ। সিরিজটিতে অতিথি চরিত্রে অঁরির উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। একই সঙ্গে চিত্রনাট্যনির্ভর অভিনয়েও নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় নিজের অবস্থান তৈরি করা এই তারকা এবার বিনোদন জগতেও নিজের পরিচিতি বাড়ানোর পথে হাঁটছেন।
আরটিভি/এসকে




