
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
ম্যাচের ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৮৬তম গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম গোল।
তবে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেননি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ১৯ মিনিটে নাওয়াফ আল-বুশাইল বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে রোনালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত এক শটে আল আহলিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গালেনো। বিরতির পর পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। চলতি মৌসুমে লিগে এটি তার ১৪তম গোল। এর মাত্র চার মিনিট পর ব্যবধান ৩-১ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজ।
এই হারে লিগে মৌসুমের দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল আল নাসর। তবে পয়েন্ট তালিকার তিন নম্বর অবস্থান ধরে রেখেছে রোনালদোর দল। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। আল নাসরের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
এদিকে রোনালদোর ক্যারিয়ারের ৯৮৬ গোলের হিসাব নিয়েও রয়েছে বিতর্ক। গত ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা একটি গোল সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। তবে পরিসংখ্যানবিষয়ক সংস্থা অপটা গোলটিকে আত্মঘাতী হিসেবে বিবেচনা করেছে।
আরটিভি/এসকে


