
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে ফাইনালে ওঠার হাতছানি এখন বাংলাদেশের সামনে।
চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করার বিপরীতে কোনো গোল হজম না করেই গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় স্বাগতিকরা।
অন্যদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা। পাকিস্তানের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করেছেন নতুন অন্তর্ভুক্ত পাঁচ ফুটবলার। বিশেষ করে ফরোয়ার্ড নাজিবুল্লাহ দুই ম্যাচে তিন গোল করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।
তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। শুধু মুখোমুখি লড়াইয়েই নয়, ফিফা র্যাংকিংয়েও পাকিস্তানের চেয়ে ১৫ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ।
তবে পরিসংখ্যানের এই ব্যবধান মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়। কারণ, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যেকোনো মুহূর্তেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র।
এদিকে, দুর্দান্ত ফর্মে থাকলেও ইনজুরি সমস্যায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ শিবির। টুর্নামেন্টের শুরুতেই চোটে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। পরে ইনজুরির কবলে পড়েন বিশ্বনাথ ঘোষ। অন্যদিকে, লিগামেন্টের গুরুতর চোটের কারণে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাদ উদ্দিন। রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে কোচ থমাস ডুলি কীভাবে একাদশ সাজান, সেদিকেও থাকবে সবার নজর।
ঘরের মাঠের সুবিধা, দর্শকদের অকুণ্ঠ সমর্থন এবং সাম্প্রতিক পারফরম্যান্সকে পুঁজি করে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ এখন জামাল ভূঁইয়াদের সামনে। তবে সেই স্বপ্ন পূরণে পাকিস্তানের বাধা পেরোতে হবে মাঠের লড়াইয়ে।
আরটিভি/এসকে




