ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত দ্বৈরথ আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ আবারও দেখার অপেক্ষায় সমর্থকেরা। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালে ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনা বেশ এগিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দলই নিজেদের মাঠের বাইরে ম্যাচটি আয়োজন করতে আগ্রহী। ফলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের এই মহারণ। তবে ম্যাচের সম্ভাব্য ভেন্যু কিংবা নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

মূলত ২০৩০ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের সূচি নিয়ে অনিশ্চয়তার কারণে এমন পরিকল্পনা করছে দুই দেশ। আগামী বছরের শুরুতে বাছাইপর্ব শুরুর সম্ভাবনা থাকলেও তা পিছিয়ে যাওয়ার আলোচনা চলছে। সে ক্ষেত্রে মার্চের আন্তর্জাতিক বিরতিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার সুযোগ কাজে লাগাতে চায় আর্জেন্টিনা ও ব্রাজিল।

ফিফার সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ পর্যন্ত জাতীয় দলগুলোর ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে। এই সময়ে প্রতিটি দল সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে। এই বিরতিকেই সম্ভাব্য ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়ার চেষ্টা চলছে।

এ ছাড়া ২০২৮ সালের কোপা আমেরিকার প্রস্তুতির বিষয়টিও মাথায় রাখছে দুই দল। বড় টুর্নামেন্টের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ হিসেবে দেখা হচ্ছে সম্ভাব্য এই লড়াইকে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচ হয়েছিল ২০১৯ সালের ১৫ নভেম্বর, সৌদি আরবের রিয়াদে। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে লিওনেল মেসির একমাত্র গোলে সেদিন ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার আলোচনা সফল হলে সাত বছরের বেশি সময় পর আবারও প্রীতি ম্যাচে দেখা যাবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা।
সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মিশরীয় ফুটবলে নতুন ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ। জোড়া গোল করে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল আর্জেন্টিনা। লা বোম্বোনেরায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
সাফ চ্যাম্পিয়নসশিপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান ও ভুটান-ভারত। এই দুই ম্যাচে দর্শকদের নিরাপত্তার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।  গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা গেছে, সেমিফাইনালে স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ডিএমপি। আরটিভি/এসআর
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
পাকিস্তান ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন ডুলি
২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নসশিপের ট্রফি জিতেছে বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছর আবারও সেই ট্রফি ঘরের তোলার সুযোগ রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। তবে সেই আক্ষেপ ঘোচাতে হলে সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর ফাইনালে বাজিমাত করতে হবে হামজা-ফারহানদের। ফলে সাফের সেমিফাইনালটা খুবই গুরুত্বপূর্ণ স্বাগতিকদের কাছে। তাই প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে একটু চিন্তা করছেন কোচ টমাস ডুলি। শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সের কথা উল্লেখ করে অনুশীলনের ফাঁকে ডুলি বলেন, আমি শুরু থেকেই বলছি, প্রতিটি দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দারুণ ফল করেছে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। তাই কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের দলে ইউরোপে খেলা পাঁচ জন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ায় চ্যালেঞ্জ আরও বাড়বে বলে মনে করেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। কোচের প্রত্যাশা, আগের ম্যাচের লড়াকু মানসিকতা ধরে রাখতে পারবে বাংলাদেশ। ডুলি বলেন, আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে, আমরা ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি। আমরা সমর্থকদের জন্য খেলি। পাকিস্তানকেও দেখাতে হবে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। ম্যাচটি লড়াইয়ের হবে। তবে ফল নিজেদের পক্ষে আনতে সর্বোচ্চ চেষ্টা করব। পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল নিয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশ কোচকে। জবাবে নিজের রক্ষণভাগের ওপর আস্থা প্রকাশ করেন তিনি।  ডুলির ভাষায়, আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আমাদের রক্ষণভাগও শক্তিশালী। আমাদের বিপক্ষে কেউ গোল করতে পারেনি। ম্যাচের পর ম্যাচ আমরা আরও শক্তিশালী হচ্ছি। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও আমাদের রক্ষণভাগ ভালো। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে কারা বেশি জিততে চায় তার ওপর। আজকের মিটিংয়েও আমরা বলব, আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা আর কারও নেই। সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও সেটিকে বড় করে দেখছেন না ডুলি। তার মতে, বিশ্রাম কিছুটা সহায়ক হলেও মাঠের পারফরম্যান্স নির্ভর করবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর।  তিনি বলেন, আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতে হবে। আর সাফ জিততে হলে শেষ পর্যন্ত সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য। শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে স্বস্তি ফিরিয়েছে কোচের মধ্যে। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ ও ফারহান আলীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি। ডুলির মতে, বিশ্বনাথকে প্রচলিত অর্থে স্ট্রাইকার বলা না গেলেও প্রতিপক্ষের বিপজ্জনক জায়গায় ঢোকার সামর্থ্য আছে তার। তিনি বলেন, চারটি গোল করলে অবশ্যই স্বস্তি লাগে। অনেকে বলেছে, বিশ্বনাথ নাম্বার নাইন নয়, ইব্রাহিমও নাম্বার নাইন নয়। কিন্তু বিশ্বনাথ এমন একজন, যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। একজন নাম্বার নাইনকে এমন জায়গায় যেতে হয়, যেখানে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হয়। অনেকেই সেটা করে না। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব তিনটি সুযোগ পেয়েছিল, অল্পের জন্য গোল হয়নি। দর্শকদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ কোচ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আরও বেশি দর্শক দেখতে চান তিনি।  ডুলি বলেন, ‘স্টেডিয়ামে সম্ভবত আট-নয় হাজার আসন ফাঁকা ছিল। আশা করি, এবার সেগুলো পূর্ণ হবে। দর্শকরা মাঠে এসে আমাদের খেলোয়াড়দের উৎসাহ দেবেন, পুরো দলকে এগিয়ে যেতে শক্তি জোগাবেন। আগের ম্যাচে যারা এসেছিলেন, তাদের সমর্থন ছিল অসাধারণ। তবে আরও বেশি দর্শক এলে আমাদের জন্য তা বাড়তি অনুপ্রেরণা হবে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছেন ডুলি। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে ফাইনালে ওঠাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। আরটিভি/এসআর
পাকিস্তান ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন ডুলি
আরও পড়ুন
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া