
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ফ্রান্স। ম্যাচে ফরাসিদের হয়ে প্রথম গোলটি আসে এমিরহান টপচুর আত্মঘাতী ভুলে। ফ্রান্সের একটি কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান তুরস্কের এই ডিফেন্ডার।
এরপর বদলি হিসেবে মাঠে নেমে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই গোলের দেখা পান বোর্নমাউথ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রৌপি। রায়ান শেরকির বাড়ানো বলে লক্ষ্যভেদ করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে আব্দুলকারিম বারদাকচি একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।
অন্যদিকে ইতালির বিপক্ষে শুরুটা ভালোই করেছিল বেলজিয়াম। ১১ মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। কোয়ার্টার ফাইনালে উঠতে ইতালির প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে লিড ধরে রাখতে পারেনি তারা।
১৫ মিনিটে ম্যাক্সিম ডি কুইপার গোলে সমতায় ফেরে বেলজিয়াম। বিরতির আগে নাথান এনগয় ও জেরেমি ডকুর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে ডিয়েগো মোরেইরার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।
গ্রুপ ‘এ১’-এ ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ২০২০-২১ মৌসুমের পর এবারই প্রথম নেশনস লিগের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নিল বেলজিয়াম। অন্যদিকে ছয় ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে অভিযান শেষ করেছে তুরস্ক।
আরটিভি/এসকে




