
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের ফেসবুক প্রোফাইলের লিংক হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবেন। মেটার এই উদ্যোগ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরিতে সাহায্য করবে।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ (v2.25.29.16)-এ এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ধীরে ধীরে এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছানো হবে। বর্তমানে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি।
নতুন ফিচারটি ব্যবহার করার জন্য Settings → Profile → Edit অপশনে গিয়ে ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক প্রোফাইলের URL যুক্ত করতে পারবেন। যুক্ত করা লিংকটি প্রোফাইলের কনট্যাক্ট ইনফরমেশন অংশে দেখা যাবে। অন্য ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই সেই লিংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে পৌঁছাতে পারবেন। লিংকের দৃশ্যমানতা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন সবার জন্য, কেবল কনট্যাক্টদের জন্য, বা কেউই দেখতে পাবে না।
ফেসবুক লিংক যাচাই সম্পূর্ণ ঐচ্ছিক। তবে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ভেরিফিকেশন করতে পারবেন। ভেরিফাইড লিংকের পাশে একটি ছোট ফেসবুক আইকন থাকবে, যা নির্দেশ করবে যে দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির। অন্য লিংকগুলো সাধারণ ইউআরএল আকারে প্রদর্শিত হবে।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মেটার প্ল্যাটফর্মগুলোকে আরও সংযুক্ত করবে। এক জায়গা থেকেই ব্যবহারকারীরা নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।
আরটিভি/এসকে




