
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রযুক্তির জগতে নতুন একটি রেকর্ড গড়লেন। তিনি এখন মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠ হিসেবে যুক্ত হয়েছেন। মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায় যেমন রে-ব্যান মেটা গ্লাসেস দীপিকার কণ্ঠ ব্যবহার করা হবে।
এনডিটিভির খবর অনুযায়ী, দীপিকার কণ্ঠ ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্যবহার করা যাবে। দীপিকা নিজেই এই ঘোষণা করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআইয়ের জন্য ভয়েস রেকর্ড করছেন। ভিডিওতে তিনি বলেন, হাই, আমি দীপিকা পাড়ুকোন। আমি মেটা এআই–এর নতুন ভয়েস। শুধু রিং–এ ট্যাপ করুন, আর আমার কণ্ঠ শুনতে পাবেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ঠিক আছে, এটা সত্যিই বেশ কুল। এখন থেকে আমি মেটা এআই–এর অংশ, আর তোমরা আমার কণ্ঠে ইংরেজিতে চ্যাট করতে পারবে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে।
দীপিকা মেটা এআই-এর গ্লোবাল ভয়েস লাইনআপে যোগ দিয়েছেন, যেখানে হলিউড অভিনেত্রী জুডি ডেঞ্চ, অকওয়াফিনা সহ আরও অনেকে রয়েছেন। মেটা জানিয়েছে, ভারতীয় ব্যবহারকারীরা এখন দীপিকার কণ্ঠে ইন্ডিয়ান ইংরেজিতে মেটা এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি চালু হয়েছে সম্পূর্ণ হিন্দি ভাষা ও ইউপিআই লাইট পেমেন্ট সুবিধা।
চলচ্চিত্রে সফল ক্যারিয়ারের পর এবার ডিজিটাল ইনোভেশনের নতুন অধ্যায়ে পা রাখলেন দীপিকা পাড়ুকোন।
আরটিভি/এসকে




