
প্রযুক্তি জায়ান্ট মেটা তাদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালুর পরীক্ষামূলক উদ্যোগ নিতে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এই সেবার পরীক্ষা শুরু হবে, যেখানে সাবস্ক্রিপশন গ্রহীতারা অর্থের বিনিময়ে প্ল্যাটফর্মের অতিরিক্ত সুবিধা পাবে।
মেটার পরিকল্পনায় মূল সেবা আগের মতোই বিনামূল্যে থাকবে। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যুক্ত হলে ব্যবহারকারীরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও বিশেষ ফিচার উপভোগ করতে পারবেন। এর মধ্যে ভিডিও জেনারেশন অ্যাপ ‘ভাইবস’ (Vibes) এর কিছু ফিচারও অন্তর্ভুক্ত থাকবে, যা ব্যবহারকারীদের আইডিয়াকে সহজেই জীবন্ত করতে সাহায্য করবে।
মেটা সম্প্রতি চীনের এআই প্রতিষ্ঠান ‘ম্যানাস’কে প্রায় ২০০ কোটি ডলারে অধিগ্রহণ করেছে। এই চুক্তির মাধ্যমে মেটার এআই প্রযুক্তি আরও উন্নত হবে এবং ব্যবহারকারীরা ‘এজেন্ট’ নামে এমন একটি টুল ব্যবহার করতে পারবে, যা কম নির্দেশনায় জটিল কাজ যেমন ভ্রমণ পরিকল্পনা বা প্রেজেন্টেশন তৈরি করতে সক্ষম।
যদিও বেইজিং কর্তৃপক্ষ জানুয়ারি মাসে মেটা-ম্যানাস চুক্তি চীনের প্রযুক্তি রপ্তানি আইন বা জাতীয় নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে কি না, তা তদন্তের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে পেইড ভেরিফিকেশন সেবা চালু করেছিল, যেখানে মাসিক ফি দিয়ে নীল টিক পাওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়া গত বছর লিংক শেয়ার সীমা আরোপের পরীক্ষাও পরিচালনা করে মেটা। এই নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা মেটার ডিজিটাল সেবায় এক নতুন ধাপ হিসেবে গণ্য হচ্ছে, যা ব্যবহারকারীদের আরও উন্নত ও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।
সূত্র: বিবিসি
আরটিভি/এসকে


