
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
শুক্রবার (৩০ অক্টোবর) শুরু হওয়া তিন দিনের এ আয়োজন শেষ হয় রোববার (১ নভেম্বর)। সম্মেলনে অংশ নেন ৭০ জন সদস্য।
সম্মেলনের শেষ দিনে উইকিমিডিয়া বাংলাদেশের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রোগ্রাম লিড মাসুম আল হাসান।
‘সম্প্রদায়ের ক্ষমতায়ন: সংস্থান ও অংশীদারিত্ব’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান এবং লিড প্রোগ্রাম অফিসার জ্যাকুলিন চেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলা ভাষার ভবিষ্যৎ ও নীতিগত প্রস্তুতি নিয়েও আলোচনা হয় সম্মেলনে। ‘বাংলাদেশের এআই, বাংলা ভাষার এআই: নীতি ও প্রস্তুতি’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ।
এ ছাড়া বাংলা উইকিপিডিয়ায় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বৃদ্ধি, তথ্যের মানোন্নয়ন এবং মুক্ত জ্ঞানচর্চাকে আরও বিস্তৃত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
তিন দিনের সম্মেলনে মুক্ত জ্ঞানের প্রসার, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উইকিমিডিয়া সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক উঠে আসে। সমাপনীতে কথা বলেন আয়োজক টিমের সদস্য শাবাব মুস্তাফা, দেলোয়ার হোসেন, মাসুম আল হাসান, শাকিল হোসেন ও নাহিদ সুলতান।
বাংলা ভাষায় নির্ভরযোগ্য ও উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলার পাশাপাশি, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের সম্মেলনে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজন বাংলা উইকিপিডিয়ার কার্যক্রমকে আরও গতিশীল করবে।
আরটিভি/এসএস


