
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা। পাশাপাশি কল ট্রান্সফার, ওয়েটিং রুম, উন্নত ভিডিও কোয়ালিটি এবং নয়েজ সাপ্রেশন সুবিধাও যুক্ত করছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি।
সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিষয়ে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের কলিং অভিজ্ঞতা আরও সহজ, উন্নত ও নিরাপদ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
অ্যাপ ছাড়াই ওয়েব কলিং
নতুন আপডেটে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো ওয়েব কলিং সুবিধা। এর মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করেই সরাসরি ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা যাবে। ফলে ওয়েব ব্রাউজার ব্যবহার করেই ব্যক্তিগত ও গ্রুপ কলে অংশ নেওয়া আরও সহজ হবে।
চলমান কল স্থানান্তর
নতুন কল ট্রান্সফার ফিচারের মাধ্যমে চলমান কল বিচ্ছিন্ন না করেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। যেমন, মোবাইলে কথা বলতে বলতে বাড়িতে ফিরে চাইলে একই কল কম্পিউটার বা ল্যাপটপে নিয়ে যাওয়া সম্ভব হবে। এতে ডিভাইস পরিবর্তনের সময় কথোপকথন চালিয়ে যেতে সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
গ্রুপ কলে ওয়েটিং রুম
গ্রুপ কলে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বাড়াতে ওয়েটিং রুম সুবিধা যুক্ত করা হচ্ছে। এ ক্ষেত্রে হোস্ট ‘রিকোয়েস্ট টু জয়েন’ অপশন চালু করে কলের লিংক শেয়ার করতে পারবেন। তবে লিংকের মাধ্যমে কলে যোগ দিতে চাওয়া ব্যক্তিকে হোস্টের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। এতে অপরিচিত ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে।
ভিডিওতে উন্নত এইচডি মান
ভিডিও কলের শুরুতে কম রেজোলিউশনের কারণে ছবি ঝাপসা দেখানোর সমস্যা কমাতে কুইক এইচডি ফিচার আনা হচ্ছে। এর মাধ্যমে কলের শুরু থেকেই ভিডিওর মান দ্রুত উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীরা আরও স্পষ্ট ও উন্নত মানের ভিডিও কলের অভিজ্ঞতা পাবেন।
অপ্রয়োজনীয় শব্দ দূর করবে নয়েজ সাপ্রেশন
নতুন নয়েজ সাপ্রেশন ফিচার আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কথোপকথন আরও স্পষ্ট করতে সহায়তা করবে। রাস্তাঘাট, অফিস কিংবা কোলাহলপূর্ণ পরিবেশে কথা বলার সময় গাড়ির হর্ন ও বাতাসের মতো শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে প্রাধান্য দেবে এই প্রযুক্তি। প্রয়োজন অনুযায়ী ইন-কল সেটিংস থেকে সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন কলিং সুবিধাগুলোতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে। ফলে কলের কথোপকথন সুরক্ষিত থাকবে। নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
আরটিভি/এসকে


