
দেশজুড়ে ক্রমান্বয়ে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। এর মধ্যেই ঘন কুয়াশা নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিডব্লিউওটি জানায়, সন্ধ্যার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় হতে পারে ‘কুয়াশাবেল্ট’। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশাবেল্ট সারাদেশেই বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ রাতে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশার প্রভাব তুলনামূলক কম থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে রাত থেকে সকাল ৯টা বা ১০টা পর্যন্ত, এমনকি কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব নৌরুটে আজ রাত ৯টার পর থেকে সারারাত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে সড়কপথেও দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি বাড়াতে পারে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আরটিভি/এসকে




