
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলার শনি ও মাটিয়ান হাওরের বিভিন্ন বীজতলা সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। পোকার আক্রমণে সবুজ চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কয়েকটি বীজতলায় বীজ বপনের পরও ঠিকমতো চারা গজায়নি। কৃষকদের অভিযোগ, এ বছর হাইব্রিড বীজ শক্তি-২, সিনজেন্টা ১২০৩, বন্ধু ও হীরা জাতের বীজ থেকে আশানুরূপ চারা পাওয়া যাচ্ছে না।
মাটিয়ান হাওরপাড়ের রতনশ্রী গ্রামের কৃষক সামায়ূন কবির বলেন, আমি ১৫ কেয়ার জমিতে (প্রতি কেয়ারে ৩০ শতক) বীজধান বপন করেছি। এর মধ্যে ১০ কেয়ার জমির বীজতলায় প্রজাপতি পোকার আক্রমণ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে কীটনাশক স্প্রে করেও কাজ হয়নি। এভাবে পোকা দমন করতে না পারলে সব চারা নষ্ট হয়ে যাবে। আমার আশপাশের কৃষকদের বীজতলাতেও একই ধরনের আক্রমণ দেখা দিয়েছে।
শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক খোকন গাজী জানান, তিনি বীজতলা প্রস্তুত করে বাজার থেকে ১২ কেজি শক্তি-২ জাতের বীজ কিনে বপন করেছিলেন। কিন্তু বীজতলায় কোনো চারা গজায়নি। এতে বীজের পাশাপাশি বীজতলা তৈরির খরচও লোকসান হয়েছে। বোরো চাষের শুরুতেই এমন ক্ষতির মুখে পড়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
একই হাওরপাড়ের গৌবিন্দশ্রী গ্রামের কৃষক মিল্লাদ হোসেন বলেন, এ বছর বেশি ফলনের আশায় অধিকাংশ কৃষক সিনজেন্টা কোম্পানির হাইব্রিড ১২০৩ ও ব্র্যাকের শক্তি-২ জাতের বীজ কিনেছেন। কিন্তু এ বীজে সবচেয়ে বেশি চারা গজানোর সমস্যা দেখা দিয়েছে। আমি পাঁচ কেয়ার জমির জন্য ১২০৩ বীজ বপন করেছি। কিন্তু যে পরিমাণ চারা হয়েছে, তা দিয়ে বড়জোর এক কেয়ার জমিতে রোপণ করা যাবে। এর ওপর হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় জমি শুকিয়ে যাচ্ছে। অথচ চারা এখনো ছোট। চারা বড় হওয়ার পর রোপণ করতে গেলে বাড়তি খরচ হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর এখনো পুরোপুরি শীত পড়েনি। এর মধ্যে হাওরের বীজতলায় পোকার আক্রমণ ও অসময়ে পানি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। এর আগে হাওরে এমন পরিস্থিতি তৈরি হতে দেখা যায়নি। বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে। এ সমস্যা নিয়ন্ত্রণে ইনসিপিও ও বেল্ট এক্সপার্ট কীটনাশক ব্যবহারের পাশাপাশি রাতে আলোক ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হচ্ছে।
তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ূন কবির জানান, এ বছর বিভিন্ন কোম্পানির বীজ থেকেই ঠিকমতো চারা গজাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ১৯০ কেজি বীজধানের মূল্য কৃষকদের ফেরত দিয়েছেন তিনি।
তার দাবি, প্রতিবছর এ সময়ে আবহাওয়া ঠান্ডা থাকলেও এবার তাপমাত্রা তুলনামূলক বেশি। কৃষকরা আগের নিয়মে বীজধান পানিতে ভিজিয়ে অঙ্কুরোদ্গম করিয়ে বীজতলায় বপন করছেন। কিন্তু আবহাওয়ার সঙ্গে পদ্ধতির সমন্বয় না হওয়ায় অনেক ক্ষেত্রে বীজের অঙ্কুর নষ্ট হচ্ছে এবং ঠিকমতো চারা গজাচ্ছে না।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বীজতলায় পোকার আক্রমণের বিষয়টি তারা জানতে পেরেছেন। তিনি ও কৃষি বিভাগের কর্মীরা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিলে এ সমস্যার সমাধান সম্ভব বলে আশা করছেন তারা।
বীজ থেকে চারা না গজানোর বিষয়ে তিনি বলেন, এটি বীজের ত্রুটি কিংবা কৃষকের ব্যবস্থাপনাগত ভুলের কারণেও হতে পারে। বীজের সমস্যার কারণে এমনটি হলে কৃষকদের লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



