
গত টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তবে এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় শিরোপাতেই চোখ রয়েছে ক্যারিবিয়ানদের। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার (৩১ মে) প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৫৮ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২২ রান তুলতে পারে নয়জনের অস্ট্রেলিয়া। এতে ৩৫ রানের জয় পায় স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ বলে ৩০০ স্ট্রাইকরেটে ৫টি চার আর ৮টি ছক্কার মাড়ে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫২ রান করেন ক্যারিবয়ীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল।
এছাড়াও, মাত্র ১৮ বলে চারটি চার আর সমান ছক্কায় ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেরেফানি রাদারফোর্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমেও ভরকে যায়নি অজিরা। মার্শের দল জয় না পেলেও ৭ উইকেটে ২২২ রান করেছে তারা। তারপরও ৩৫ রানের হার মানতে হয় অস্ট্রেলিয়াকে। তবে অস্ট্রেলিয়া এই ম্যাচেও ৯ জন নিয়ে খেলেছে।
আইপিএল ফাইনাল খেলা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং ট্রাভিস হেডের পাশাপাশি দলের সঙ্গে এখনও যোগ দেননি ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল। যার কারণে, গত ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৯ জন নিয়ে মাঠে নামতে হয়েছে অজিদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সকলই নিজেদের ঝালিয়ে নিচ্ছে প্রস্তুতি ম্যাচ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ খেলে। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা ক্যারিবীয়রা শুক্রবার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই গায়ানার প্রভিডেন্সে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আর ৬ জুন বার্বাডোজের ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ওমানের বিপক্ষে।




