
আমার দৃঢ় বিশ্বাস ও প্রত্যয় আছে, আমি আওয়ামী লীগের মনোনয়ন পাবো। আমি শতভাগ সে আশা রাখি।
বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের মেয়র পদপার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।
সোমবার আওয়ামী লীগ অফিসে মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, যদি আমাকে মনোনয়ন দেয়া না হয়, মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন বোর্ডের মাধ্যমে যাকে মনোনয়ন দেবেন অবশ্যই আমি তার সাথে থাকবো।
তিনি আরো বলেন, আনিসুল হক (প্রয়াত মেয়র) প্রমাণ করে গেছেন অরাজনৈতিকভাবে এসেও কীভাবে ঢাকা শহরকে সুন্দরভাবে সাজানো যায়। ব্যবসায়ীরা যেমন রাজনীতিতে আসতে পারবে সে রূপ রাজনীতিবিদরা ব্যবসায় আসতে পারবে। এতে কোন বাধা নেই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আনিসুল হককে সুযোগ দিয়েছেন, সেভাবে আমাকে সুযোগ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই আমিও সুন্দর ঢাকা গড়তে পারবো।
আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ডিএনসিসির মেয়র ও দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠকের পর আওয়ামী লীগের পক্ষ থেকে কে মনোনয়ন পাচ্ছেন তা জানা যাবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোট গ্রহণ হবে। আনিসুল হক মারা যাওয়ার পর ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়ে যায়। একইদিনে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও ভোট হবে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে। কাউন্সিলর পদ নির্দলীয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।
এমসি/পি




