
রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের নাম আমির (২৩) ও মঞ্জয় (২২)। তাদের মধ্যে মঞ্জয় একটি মেডিসিন ডিস্টিবিউটর কোম্পানির ডেলিভারিম্যান এবং আমির একটি কাপড়ের দোকানের বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করেন।
আহত মঞ্জয় বলেন, রাত সাড়ে আটটার দিকে আমি ও আমার বন্ধু মোহাম্মদপুর তিন রাস্তার বৃদ্ধিজীবী সড়ক দিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তিন ছিনতাইকারী আমাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা বাঁধা দিলে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে আমির ও আমার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।
তিনি আরও বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমির বেশি জখম হয়েছে। পরে পথচারীরা আমাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আমিরের ঘাড়ে, বুকে পিঠেসহ শরীরের একাধিক জায়গায় ক্ষত হয়েছে। আর মঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা এখনও এ ধরনের কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম




