রাজধানীর নদ্দা এলাকায় একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৬টি ইউনিট।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর সকাল ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফারুক আরও জানান, অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগুনের ঘটনায় এলাকায় সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু সময় পুরো সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরটিভি/এসকে





