
খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে এসআরবি-৪ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবীর ই-ব্লকের ৮/৭৭ নং রোডে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামি ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে প্রবেশ করে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরটিভি/আইএম


