ঢাকার গেণ্ডারিয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আসরাদুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গেণ্ডারিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আসরাদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে উদ্ধার করে বিকেল সোয়া ৪টার দিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা ইউসুফ জানান, কিশোর আসরাদুল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনে উঠেছিল। পরে গেন্ডারিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গেলে অসাবধানতাবশত ট্রেনের ফাঁকা স্থানে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেন। নিহত কিশোরের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে। ওই কিশোরের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
আরটিভি/এমএ




