
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচ দফা দাবিতে চলমান ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এ সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা। আগামীকাল ২৩ অক্টোবর (শুক্রবার) সকাল থেকে তারা পুনরায় কাজে যোগ দেবেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
তিনি জানান, নিজেদের দাবি-দাওয়া নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আলোচনার পর তারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবার কাজে যোগ দেবেন না। শুক্রবার সকাল থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করবেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক।
ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—
১. হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।
২. হাসপাতালে দায়িত্ব পালনরত ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
৩. রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশ নিশ্চিত করে অতিরিক্ত দর্শনার্থীর অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করা।
৪. রোগী ভর্তির দিন ও পরবর্তী দিনগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।
৫. রোগীর চাপ কমাতে অনতিবিলম্বে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে তাদের দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার সমাধানের দাবিতেই তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন।
এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার সকালেও বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে মেডিকেল কর্মকর্তা ও নার্সরা রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যান। তবে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হয়।
অবশেষে হাসপাতাল পরিচালকের সঙ্গে আলোচনার পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় শুক্রবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের নিয়মিত দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
আরটিভি/এমএম


