
নিয়মিত অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও অন্যান্য চোরাই এবং অবৈধ মালামালসহ ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫২টি মামলা করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ডিএমপির মিরপুর বিভাগ কর্তৃক ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে মাদক ও অস্ত্রসহ ডিএমপির তেজগাঁও বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ৪১ জন, রমনা বিভাগ ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
পৃথক এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দু’টি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ছাড়াও ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ এবং ৩ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে। এ ছাড়াও নিয়মিত অভিযানে চোরাই পণ্য হিসেবে ১০টি মোবাইল ফোনসহ ২১ দশমিক ২ লিটার ওষুধের কেমিকেল, ট্রেনের টয়লেটের ৯টি ট্যাপ (৪টি স্টিল ও ৫টি প্লাস্টিক) জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযানে এক ভুক্তভোগীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরটিভি/এমএ


