
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার আকতার হোসেন জানিয়েছিলেন, মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শুক্রবার মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে গুলশানে মিছিল অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।
আকতার হোসেন জানান, গুলশানে মিছিলে অংশগ্রহণকারী ৪০ জনকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে ডিএমপি।
গত শুক্রবার দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসিসংলগ্ন গলিতে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।
আরটিভি/ এসকেডি



