
ঢাকার গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হামিদুর রহমানের বাড়ি খিলক্ষেত থানার বড়ুয়া দেওয়ানপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কাজী আব্দুল মতিন এবং মায়ের নাম হাসিনা বেগম।
তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই মিছিলে মোটরসাইকেলে অংশ নেওয়া হামিদুর রহমান সামনের সারিতে ছিলেন এবং স্লোগান দেওয়ার পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন বলে পুলিশের দাবি। মিছিলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৩টার দিকে খিলক্ষেত থানার পিংক সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হামিদুর রহমান খিলক্ষেত থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলীর বডিগার্ড হিসেবেও পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হামিদুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএ


