
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন মাদক মামলার আসামি, একজন নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অপরজন চুরি মামলার আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন- কলারোয়ার তুলসীডাঙ্গার মৃত হাজী আনোয়ার হোসেনের ছেলে মাদক মামলার আসামি মো. বজলুর রহমান ওরফে বাপ্পী (৩৬)। ঝিকরার মৃত আমির চাঁদ গাজীর ছেলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আহসান উল্লাহ (৪৩)। গয়ড়ার শহিদুল ইসলামের ছেলে চুরি মামলার আসামি মো. আমিরুল ইসলাম (৩০)।
অভিযানকালে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে কলারোয়া থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার তিন আসামিকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/ এমএ


