
রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ সাহেব বাজার এলাকায় শারমিন সুলতানা সর্মির অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। পরে তথ্য যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরটিভি/এসকে



