
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৮ অক্টোবর) রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনেরর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এ সংগঠন মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গত ২৭ বছরে মানবসেবার ছোট্ট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহীরুহ হয়ে ওঠার পথে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।
ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের জন্য মানুষ, একটু চেষ্টা, একটু উদ্যোগ, এ সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। সবসময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে, মানুষের কাছে থাকছে, থাকবে ইনশাআল্লাহ। আমি আশা করি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বিভিন্ন মানবসেবী কর্মকাণ্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার।
এতে মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরাও যোগ দেন।
আরটিভি/টিআর


