ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ডিজে পার্টি থেকে উপার্জিত অর্থের ৭০% পেতেন জহির 

অভিযান থামাতে তদবির করেন সেই অতিরিক্ত ডিআইজি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব কর্মকাণ্ড থেকে উপার্জিত অর্থের প্রায় ৭০ শতাংশ টাকা অতিরিক্ত ডিআইজির তহবিলে জমা পড়ত। এ অভিযান থামাতে জহিরুল তদবির করেছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ডিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পূর্বাচলে আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাসা গত এক বছর ধরে মাদক সেবন, মাদক কারবার ও রাতভর ডিজে পার্টির আখড়া হিসেবে ব্যবহারের অভিযোগ উঠে। গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ওই বাসা থেকে মাদক সেবনকারী ও আয়োজকসহ ৮৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে আফগানিস্তানের এক নাগরিকও রয়েছেন। এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দেওয়া হলেও সেখানে নিয়মিত মাদক সেবন, মাদক কেনা-বেচা এবং ডিজে পার্টির আয়োজন করা হতো। বিশেষ করে রাতভর সেখানে মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের আসর বসত। একই সঙ্গে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের নিয়ে অশ্লীল নৃত্যসহ রাতভর আনন্দ-উল্লাসের আয়োজন করা হতো বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, টানা প্রায় এক বছর ধরে ওই বাসায় এ ধরনের কর্মকাণ্ড চলছিল। বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়ার পর একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করেছে ডিবি। অভিযানে ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির বলেন, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। একজন কো-হোস্ট ও হোস্টের মাধ্যমে সেটি পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজন তরুণী রয়েছেন। যারা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের ছবি প্রকাশ বা নাম ঠিকানা প্রকাশ করার আইনগত সুযোগ নেই।

ডিবির একটি সূত্রের দাবি, কো-হোস্টকে ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির তদবির করেছিলেন। তবে, পুলিশ সদস্য ও ডিএমপির কর্মকর্তারা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং অভিযান শেষে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। এতে সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে অভিযান শুরু করে শেষ করতে মঙ্গলবার সকাল হয়ে যায়। এমনকি যাচাই-বাছাই করে মামলার প্রস্তুতি সন্ধ্যা পর্যন্ত সম্পন্ন করতে পারেনি।

ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতিরিক্ত ডিআইজির প্রভাব ও ক্ষমতাকে কাজে লাগিয়ে ওই বাসায় মাদক কারবারিদের একটি আখড়া গড়ে উঠেছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। সেখানে মাদক সেবন ও রাতভর আনন্দ-উল্লাসের সুযোগ করে দিয়ে অর্থ আদায় করা হতো বলেও অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা হতো এবং প্রায় ৭০ শতাংশ টাকা অতিরিক্ত ডিআইজির তহবিলে জমা পড়ত বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

ডিবি সূত্র জানায়, বাসাটিতে প্রতি রাতেই মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো। এসব আয়োজনে বিভিন্ন বয়সী তরুণ-তরুণীদের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীরাও অংশ নিতেন। তাদের জন্য দেশ-বিদেশের উচ্চবিত্তের মাঝ বয়সী পুরুষদের আনাগোনা ছিল বলে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে একটি সরকারি কর্মকর্তার বাসা কীভাবে মাদক সেবন ও ব্যবসার জন্য ব্যবহৃত হয়ে আসছিল, কারা এর সঙ্গে জড়িত এবং এর অর্থনৈতিক সুবিধাভোগী কারা? এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আটকদের জিজ্ঞাসাবাদ এবং জব্দ করা আলামতের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। প্রতিদিনের মতো রাস্তায় নেই সারি সারি গণপরিবহন। নেই কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও। চিরচেনা রাজধানী এখন অনেকটাই শান্ত ও ভিন্ন আমেজে রূপ নিয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, হাতিরঝিল এলাকা, রামপুরা, বাড্ডা, বনানী, কুড়িল বিশ্বরোড়, খিলক্ষেতসহ বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। ধানমন্ডির বাসিন্দা সাইফুল আলম ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে দুপুরের খাবার খেতে বের হন। তিনি জানান, ছুটির কারণে ঢাকা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ঢাকায় পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। দুপুরে একটি ভালো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সেরে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরে বাসায় ফিরব। কারণ, স্বাভাবিক সময়ে এমন ফাঁকা ঢাকা পাওয়া যায় না। মুকুল নামের এক পথচারী জানান, স্বাভাবিক সময়ে ধানমন্ডি-২৭ থেকে মিরপুর-১০ যেতে প্রায় এক ঘণ্টা লাগে। বাসে যাত্রীদের ঠাসাঠাসি থাকে, আসন পাওয়াও কষ্টকর হয়। তবে আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাসে উঠে বসতে পারলে ২০ মিনিটের মধ্যে মিরপুর-১০ পৌঁছে যাওয়া যাব। আবার আসন পেতেও কষ্ট হবে না। ফুটপাত দিয়ে হাঁটতেও বেগ পেতে হচ্ছে না। অন্য দিনগুলোতে প্রতিযোগিতা করে ফুটপাতে হাঁটতে হতো। কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হলে তারা জানান, ছুটির কারণে যাত্রীদের তেমন ভিড় নেই। স্বাভাবিক সময়ে যেখানে যাত্রীরা বাসে ঠেলাঠেলি করে উঠতেন, আজ তেমন পরিস্থিতি নেই। আসনের জন্য কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। বরং অনেক আসন ফাঁকাই থাকছে। বিজয়নগর এলাকার বাসিন্দা আজাদ ইকবাল জানান, এমন পরিস্থিতিতে কয়েক দিন ঢাকায় নির্বিঘ্নে চলাচল করা যাবে। ছুটি শেষ হলে আবারও চিরচেনা রূপে ফিরবে এই শহর। তবু সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন বলেও জানান তিনি। আরটিভি/টিআর
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।  এদিন দুপুর ২টার দিকে স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আগুন লাগার খবর অস্বীকার করেছেন। তার দাবি, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ, বিষয়টি আরটিভি স্বাধীনভাবে নিশ্চিত করেনি । আরটিভি/টিআর
শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন
রাতেই ‘কঠিন সিদ্ধান্ত’ নেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...
রাজধানী থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতেই ‘কঠিন সিদ্ধান্ত’ নেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...
ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা ধরা
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা ধরা
অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
আরও পড়ুন
পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি  
ডিএনসিসিতে যুক্ত হচ্ছে পূর্বাচল নতুন শহর
পূর্বাচলের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড